দিঘার সমুদ্রে হঠাৎ টর্নেডো, হতবাক পর্যটক

সকাল থেকে দিঘার আকাশে রোদ আর মেঘের লুকোচুরি ছিলই। এর মাঝেই আচমকা মিনি টর্নেডো দেখা গেল দিঘার সমুদ্রে। বেশ কিছু সময় ওই টর্নেডো স্থায়ী হয় সমুদ্রের বুকে। এর পর তা মিলিয়ে যায়। সমুদ্রসৈকত থেকে ওই টর্নেডো দেখতে ভিড় জমান পর্যটকরা।
রবিবার (২৮ আগস্ট) সকাল তখন সাড়ে ৯-টা। সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকরা। রবিবার হওয়ায় সমুদ্র শহর দিঘায় পর্যটকদের ভিড়ও ছিল অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই।
আচমকা সমুদ্রের বুকে ঘূর্ণি দেখতে পান সৈকতে ঘোরাফেরা করতে থাকা পর্যটকেরা। তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মোবাইল এবং ক্যামেরাবন্দি করা, সেলফি তোলা- সবকিছু চলতে থাকে। মিনি টর্নেডোর দৃশ্য দেখা আর ছবি তোলায় মত্ত হয়ে ওঠেন সকলে।
এদিন অবশ্য দিঘার সমুদ্র উত্তাল ছিল না। বৃষ্টিও হয়নি। তার মধ্যে এমন দৃশ্য দেখে পর্যটকরা খুশি। যদিও সামান্য সময় স্থায়ী ছিল ওই ঘূর্ণি বলয়। দিঘায় এমন মিনি টর্নেডো কবে দেখা গিয়েছে তা অনেকেই স্মরণে আনতে পারছেন না। তবে গত বছর এই জেলারই হলদিয়ার কুঁকড়াহাটিতে হুগলি নদীর উপরে দেখা গিয়েছিল এমনই দৃশ্য।
-B










