তাজমহলে বিদেশী পর্যটকদের কোভিড পরীক্ষা চলছে

চিনে হু হু করে সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যু চিন্তা বাড়িয়েছে ভারতের। বছর শেষে মারণ ভাইরাসকে নিয়ে উদ্বেগ ক্রমেই ঘন হচ্ছে।
দেশের পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে এর মাঝেই ঘটেছে সমস্যা। তাজমহল ঘুরতে এসে করোনা আক্রান্ত হওয়া আর্জেন্টিনার এক পর্যটকের খোঁজ মিলছে না।
বুধবার (২৮ ডিসেম্বর) আগ্রার চিফ মেডিকেল অফিসার ডাঃ অরুণ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন আর্জেন্টিনার একজন পর্যটক, যিনি তাজমহল পরিদর্শন করতে এসেছিলেন। ২৬শে ডিসেম্বর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ওই বিদেশি তখন থেকেই নিখোঁজ রয়েছেন। তাজমহলে স্ক্রিনিংয়ের সময় পর্যটকের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং অ্যান্টিজেন পরীক্ষায় ইতিবাচক ফল এসেছিল। যেহেতু পজেটিভ রিপোর্ট ছিল তাই তাঁকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
ডাঃ শ্রীবাস্তব বলেছেন যে বিদেশী পর্যটক ভুল যোগাযোগের তথ্য প্রদান করেছেন এবং কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেছেন, “তাজমহল পরিদর্শনে আসা একজন আন্তর্জাতিক পর্যটক ২৬ ডিসেম্বর পজিটিভ কোভিড পরীক্ষা করেছিলেন। অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পর, তাকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি আমাদের ভুল যোগাযোগের বিবরণ দিয়েছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। নিখোঁজ ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, এএসআই এবং আশেপাশের হোটেলের সহায়তা নেওয়া হচ্ছে।”
এটাই প্রথম নয়, এর আগে, চিন থেকে ফিরে আসা এক ব্যক্তিকে ২৫ ডিসেম্বর তাজমহলে করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত করা হয়েছিল। আগ্রার চিফ মেডিকেল অফিসার বলেছেন, “আগ্রাতেও একজন করোনা রোগী পাওয়া গেছে যে কয়েকদিন আগে চিন থেকে সে ফিরেছিল। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য লক্ষ্ণৌতে পাঠানো হয়েছে। জিনোম সিকোয়েন্সিং গুরুত্বপূর্ণ কারণ তিনি চিন থেকে এসেছেন। তিনি ২২ ডিসেম্বর ভারতে অবতরণ করেন এবং ২৩ ডিসেম্বরে আগ্রায় পৌঁছান। আমরা তাঁর পরিচিতি খুঁজে বের করার চেষ্টা করছি। ব্যক্তিটি অনেক লোকের সংস্পর্শে আসেনি কারণ সে তার আসার পর থেকে বেশিরভাগ সময় তাঁর ঘরে ছিলেন।” ওই ব্যক্তিকে আলাদা করে রাখা হয়েছে।
আগ্রার তাজমহল দেখতে প্রতিদিন প্রচুর পরিমাণে দেশি-বিদেশি পর্যটকরা আসেন। পরিস্থিতির কথা মাথায় রেখে, সফরের আগে তাদের একটি কোভিড পরীক্ষা করাতে হবে বলেই সরকারি সূত্রে জানানো হয়েছে।
-B










