কারিগরি ত্রুটি - উড্ডয়নের ৫ মিনিট পর বিমানের জরুরী অবতরণ

ঢাকা থেকে উড্ডয়নের পর প্রায় ৫ মিনিট আকাশে উড়ে আবারও ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এলেও কি ধরনের ত্রুটি হয়েছে তা জানা যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিজি-৪৯৩ ফ্লাইটটি বুধবার (৭ জুন) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তবে উড্ডয়নের ৫ মিনিট পর পাইলট ফ্লাইটটি নিয়ে সৈয়দপুর না যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। অনুমতি পেয়ে ১১টা ৩৩ মিনিটে নিরাপদে অবতরণ করে।
বিমানের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৭৮টি আসন ছিল। তবে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করেনি বিমান।
কারিগরি ত্রুটির বিষয় উল্লেখ করে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার বাংলাদেশ মনিটরকে বলেন, ফ্লাইটটি ঢাকায় টেকনিক্যাল ল্যান্ডিং করেছে তবে কি ধরণের ত্রুটি- কাজ চলছে, পরে জানা যাবে। তিনি আরও বলেন, যাত্রীদের অন্য একটি ফ্লাইটে গন্তব্যে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার (৫ জুন) কারিগরি ত্রুটির কারণে ঢাকা থেকে উড্ডয়নের ৪০ মিনিট পর বিমানের কলকাতাগামী ফ্লাইট ঢাকায় ফিরে আসে। কারিগরি ত্রুটি সারিয়ে ফ্লাইটটি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।
-B










