বহরে ২০টি উড়োজাহাজ যুক্ত করবে থাই এয়ারওয়েজ

যাত্রীবাহী উড়োজাহাজের বহরে নতুন বাহন যুক্ত করতে যাচ্ছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল।
এক্ষেত্রে সংস্থাটির প্রথম পছন্দ দুই আইলবিশিষ্ট জেট। বহরে ২০টি দুই আইলবিশিষ্ট বাহন যুক্ত করতে এরই মধ্যে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে থাইল্যান্ডের রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি। মহামারীর ক্ষতি কাটিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবারো বেড়েছে পর্যটক ভ্রমণ। এমন বাস্তবতায় দাঁড়িয়ে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে থাই এয়ারওয়েজ।
এরই মধ্যে বোয়িংয়ের সঙ্গে কয়েকটি ৭৮৭ মডেলের ওয়াইড বডির উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। থাইল্যান্ডের রাষ্ট্র নিয়ন্ত্রিত উড়োজাহাজ পরিষেবা সংস্থাটি এয়ারবাসের সঙ্গেও আলোচনা করেছে। এয়ারবাসকেও নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে। যেহেতু বোয়িং বা এয়ারবাস কারো সঙ্গেই এখনো চূড়ান্ত ক্রয়চুক্তি হয়নি, তাই কোনো প্রতিষ্ঠানই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি।
কভিড-১৯ মহামারীর প্রভাব কাটতে শুরু করেছে বিশ্বের পর্যটন খাতের ওপর থেকে। এশিয়াও এর বাইরে নয়। যেহেতু দেশগুলো সংক্রমণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে, তাই বেড়েছে ভ্রমণের পরিমাণ। এ অবস্থায় অন্য এয়ারলাইনসগুলোর মতো থাই এয়ারওয়েজও পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। আগেই জানানো হয়েছিল যে ২০২৩ সালে বহরে ১০টি ওয়াইড বডির উড়োজাহাজ এবং ২০২৪ সালে আরো আটটি উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে।
-B










