পিনপতন সৈকতে আজ পর্দা উঠছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের

প্যারিস শহর থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে নয়নাভিরাম কান সৈকতে এসে ক্রমে জড়ো হচ্ছেন গোটা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা।
নিরিবিলি ও পরিপাটি কান-শহরের অবয়ব যেন বদলে যেতে শুরু করেছে।
সোমবার (১৫ মে) দিনভর কান-পথে লেগে আছে গাড়ির জটলা। পিনপতন সৈকতে যেন আছড়ে পড়ছে চলচ্চিত্রের মুখরতা। মধ্যরাত অবধি রেস্তোরাঁ-কফিশপে চলছে জমজমাট আড্ডা।
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আজ (১৬ মে) সন্ধ্যা ৭টায় পর্দা উঠতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে মানুষের ভিড়। দিনভর ছিল আগত সাংবাদিক-শিল্পী-কুশলীদের পরিচয়পত্র সংগ্রহের দীর্ঘ সারি।
সোমবার (১৫ মে) পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে উঠেছে ৭৬তম আসরের দাফতরিক পোস্টার, যার মাধ্যমে ফরাসি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ক্যাথেরিন দ্যুনোভকে সম্মান জানানো হয়েছে। সাদা-কালো পোস্টারটিতে পাম্পালিয়ন সৈকতে তাকে কালো পোশাকের সঙ্গে খোলা চুলে দেখা গেছে। উৎসব কর্তৃপক্ষ জানায়, ছবিটি ১৯৬৮ সালে ‘লা শামাদ’ সিনেমার শুটিংয়ে চিত্রগ্রাহক জ্যাক গারোফালো তুলেছিলেন।
১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।
-B










