পাসপোর্টের তথ্য দিতে আসছে কল সেন্টার

পাসপোর্ট সেবায় বিদ্যমান ভোগান্তি লাঘবে বিশেষ কল সেন্টার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। এ জন্য বিটিআরসি থেকে একটি হেল্প লাইন নম্বর বরাদ্দ নেওয়া হয়েছে, যা আগামীকাল (৩১মার্চ) উদ্বোধন হবে।
এদিকে ভোগান্তি কমাতে গত ১ মার্চ মোহাম্মদপুরে আঞ্চলিক শাখা অফিস চালু হয়। এটি ‘পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম’ হিসেবে পরিচিত। জনবল এবং জায়গার অভাবে এ অফিসেও ভোগান্তি পোহাতে হচ্ছে। আছে দালালদের দৌরাত্ম্যও। এটি ঢাকা জেলার সাভার, ধামরাই এবং ঢাকা মহানগরীর মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহআলী, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকার লোকজনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে ‘পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব’ হিসেবে নির্ধারণ হওয়া বনশ্রীর অফিসটি এখনো চালু হয়নি। কাজ চলছে, খুব দ্রুতই সেটি চালু করা হবে বলে আগারগাঁও পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে। বর্তমানে আগারগাঁও, কেরানীগঞ্জ ও উত্তরায় ঢাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে।
সূত্র জানায়, দেশের ভেতর থেকে ‘১৬৪৪৫’ নম্বরে এবং বিদেশ থেকে ‘০৯৬৬৬৭১৬৪৪৫’ নম্বরে কল করলে পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে। এতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ও ই-পাসপোর্টের আবেদনসংক্রান্ত বিষয়ে হালনাগাদ তথ্য পাবেন সেবাপ্রার্থীরা। কলসেন্টার খোলা থাকবে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা। তথ্য দেওয়ার জন্য প্রতি শিফটে ১৬ জন কলসেন্টার প্রতিনিধি (এজেন্ট) মাইক্রোফোন হাতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।’
-B










