শেষ হলো লেদারটেক বাংলাদেশের অষ্টম আসরের প্রদর্শন
শেষ হয়েছে চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২২’-এর অষ্টম আসর।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় তিনদিনের এ মেলার আয়োজন করে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। শুক্রবার (৯ ডিসেম্বর) শেষ হওয়া তিনদিনের এ মেলা বুধবার (৭ ডিসেম্বর)উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মেলায় ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানের চামড়া, চামড়াজাত পণ্য এবং মেশিনারিজ, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ প্রদর্শিত হয়।
এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কম্পোনেন্ট নির্মাতাদের বাংলাদেশে তাদের নিজস্ব কারখানা বা উৎপাদন সুবিধা নিশ্চিতে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এতে নির্মাতা ও রফতানিকারকদের লিড টাইমের সমস্যা সমাধানে সহায়তা করবে। এ ইভেন্টটি যন্ত্রপাতি, কেমিক্যালস ও আনুষঙ্গিক উপাদান সোর্সিংয়ের সমস্যাগুলোর সমাধানকারী হিসেবে সহায়তা করছে বলে মনে করেন এ খাতসংশ্লিষ্টরা। এ ট্রেড শোতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হয়েছে।
ভারত থেকে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস (সিএলই) এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্যাভিলিয়নসহ ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করে। আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে চীন ও পাকিস্তানের অংশগ্রহণ ক্রমাগত হ্রাস পেয়েছে। তবে প্রায় তিন বছরের ব্যবধান সত্ত্বেও এবারের আয়োজনে উল্লেখযোগ্য পরিমাণে মেশিনারি সরবরাহকারীদের অংশগ্রহণে বাংলাদেশের ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্য খাতের সম্ভাবনাকেই তুলে ধরা হয়।’
লেদারটেক বাংলাদেশ-২০২২ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতা করছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।
-B










