মাঝ আকাশে পাইলট হঠাৎ অসুস্থ - উড়োজাহাজ চালালেন যাত্রী

মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন উড়োজাহাজের পাইলট। এ সময় সাহায্যকারী হিসেবে এগিয়ে আসেন যাত্রীর আসনে বসে থাকা অন্য উড়োজাহাজের একজন পাইলট। তার সাহায্য নিয়ে সহকারী পাইলট উড়োজাহাজটিকে নিরাপদে নামিয়ে আনেন। বুধবার (২২ মার্চ) ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাসে।
জানা যায়, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রিবাহী উড়োজাহাজটি লাস ভেগাস থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট ককপিটে অসুস্থ হয়ে পড়েন। উড়োজাহাজ চালানোর মতো অবস্থা ছিল না তার। জরুরি ভিত্তিতে উড়োজাহাজটিকে লাস ভেগাসে আবার ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় সহকারী পাইলট এবং উড়োজাহাজ কর্মীদের।
পাইলটের অসুস্থতার খবর যাত্রীদের মধ্যে চাউর হতেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই উড়োজাহাজেই ছিলেন অন্য উড়োজাহাজের এক পাইলট। তিনি তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে তিনি যোগাযোগ রেখে সহকারী পাইলটকে উড়োজাহাজটিকে নিরাপদে নামিয়ে আনতে সাহায্য করেন।
সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র ক্রিস পেরি বলেন, ওই উড়োজাহাজেই অন্য সংস্থার এক পাইলট ছিলেন। তিনি ফ্লাইট ডেকে ঢুকে সহকারী পাইলটকে সহযোগিতা করেছেন। লাস ভেগাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাইলটের পেটে যন্ত্রণা হচ্ছিল। তার পরই তিনি অচেতন হয়ে পড়েন। উড়োজাহাজটিকে নিরাপদে নামিয়ে আনার জন্য সাউথওয়েস্ট এয়ারলাইন্সের পক্ষ্য থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এটিসির নির্দেশনা মেনে অবশেষে ফ্লোরিডার সেই বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করতে সক্ষম হন। তবে এখনও পর্যন্ত জানা যায়নি সেই পাইলটের কী হয়েছিল। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
-B










