৫ ঘণ্টা আগেই উড়ে গেল প্লেন-বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
প্লেন ছাড়ার কথা ছিল রাত ৭টা ৫৫ মিনিটে। কিন্তু দুপুর ৩ টাতেই আকাশে উড়ে গেল সেই প্লেনটি। নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছে সে কথা শুনে মাথায় হাত প্রায় ৩০জন যাত্রীর। এই ঘটনায় হৈচৈ পড়ে যায় অমৃতসর বিমানবন্দরে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে উড়োজাহাজ সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের জবাব তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
ভারতের উড়োজাহাজ পরিবহণের আকাশে দুর্যোগের ঘনঘটা কাটার নাম নেই। আবারও একটি প্লেন যাত্রী ফেলেই উড়ে গেল আকাশে। এ বার ঘটনাস্থল অমৃতসর বিমানবন্দর।
বুধবার (১৮ জানুয়ারী) স্কুট এয়ারলাইনের সিঙ্গাপুরগামী প্লেনের ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত ৭টা ৫৫ মিনিট। কিন্তু দুপুর ৩টেয় সেই প্লেন উড়ে যায় সিঙ্গাপুরের উদ্দেশে।
বিমানবন্দর কর্তৃপক্ষ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, প্লেন ছাড়ার সময় পরিবর্তনের কথা ইমেল করে যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল। অমৃতসর বিমানবন্দরের ডিরেক্টর সংবাদ সংস্থাকে বলেন, ‘‘২৮০ জন মতো যাত্রীর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি ২৫৩ জন যাত্রীকে নিয়ে উড়ে যায়। ৩০ জন মতো যাত্রী প্লেনে উঠতে পারেননি।’’
এ দিকে,প্লেনে উঠবেন বলে নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে পৌঁছে ওই ৩০ যাত্রী শোনেন, বহু ক্ষণ আগে ছেড়ে গিয়েছে প্লেনটি! তার পর বিমানবন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই যাত্রীরা। লিখিত অভিযোগও দায়ের হয়। ডিজিসিএ উড়োজাহাজ সংস্থা এবং অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে। পৃথক তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের এক কর্মী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এক ট্রাভেল এজেন্ট একসঙ্গে ৩০টি টিকিট কেটে দিয়েছিলেন একটি গোষ্ঠীকে। সেই ট্রাভেল এজেন্টকে ইমেল মারফৎ বিমানের সময়ের পরিবর্তনের কথা জানানো হয়েছিল। কিন্তু ট্রাভেল এজেন্ট সে কথা যাত্রীদের জানাননি। স্বভাবতই নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে তাঁরা দেখেন প্লেনটি উড়ে গেছে আগেই।
সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দরেও কার্যত একই ঘটনা ঘটে। সে বার ‘গো-ফার্স্ট’ বিমান সংস্থার দিল্লিগামী বিমান ৫৫ জন যাত্রীকে ফেলে উড়ে যায়। তাঁরা বাসে করে প্লেনে উঠতে আসছিলেন। ঘণ্টা চারেক বিমানবন্দরে অপেক্ষা করানোর পর ৫৫ জন যাত্রীকে অন্য প্লেনে তুলে দেওয়া হয়। সে বারও ডিজিসিএ উড়োজাহাজ সংস্থার কাছে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছিল। এ বার আবার একই ধরনের ঘটনা ঘটে গেল অমৃতসর বিমানবন্দরে।
-B










