বিমানের টায়ার ফাটায় জরুরি অবতরণ

কলকাতা থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঢাকায় অবতরণের সময় একটি চাকার টায়ার ফেটে যায়। আজ সোমবার (৬ মার্চ)সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, আজ ৯টা ১৯ মিনিটে কলকাতা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ঢাকা-কলকাতা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৯২ ফ্লাইটটি ঢাকায় ফিরছিল। উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে।
টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ১০টা ৩ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানটি অবতরণ করে বলে জানান মোহাম্মদ কামরুল ইসলাম।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি কানাডা থেকে আমদানি করা ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল। এটি ভারতের স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে। এদিকে অবতরণের সময় যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উপস্থিত ছিল। তবে তাদের কাজ করতে হয়নি।
-B










