প্রস্তাবিত 'ফ্লাই ঢাকা’ এয়ারলাইন্সটি আলোর মুখ দেখছে না
ফ্লাই ঢাকা’ প্রস্তাবিত প্রাইভেট এয়ারলাইন্সটি আর আলোর মুখ দেখছে না। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া ‘এওসি’র মেয়াদ এ মাসেই শেষ হয়ে যাচ্ছে।
বছরখানেক আগে পাওয়া এই ‘এওসি’ পাওয়ার পর উদ্যোক্তারা সামনে এগুতে পারেননি। প্রস্তাবিত এই এয়ারলাইন্সটির অন্যতম উদ্যোক্তা হচ্ছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এদিকে, নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট পরিচালনা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুরুতে দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনা করতে চায় এয়ারলাইন্সটি।
এয়ার অ্যাস্ট্রার সূত্র জানান, এয়ার অ্যাস্ট্রা ৪টি এটিআর ৭২-৬০০ মডেলের প্লেন লিজ নিয়েছে। চলতি মাসেই (সেপ্টেম্বরে) এয়ারক্রাফট আসার কথা রয়েছে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের কিছু ফরমালিটি বাকি রয়েছে।
অক্টোবর মাসের শেষের দিকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে এয়ার অ্যাস্ট্রা।
এছাড়া বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
-B










