রেস্টুরেন্ট খুলছে নেটফ্লিক্স

বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স এবার তাদের কনটেন্ট ‘স্ক্রিন থেকে টেবিলে’ আসছে। আগামী ৩০ জুন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিজেদের পপআপ রেস্টুরেন্ট খুলছে এই স্ট্রিমিং জায়ান্ট।
নেটফ্লিক্স বাইটস নামের এই রেস্টুরেন্টে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রচারিত ‘শেফ'স টেবিল', ‘আয়রণ শেফ', ‘ইজ ইট কেক?’ ও ‘ড্রিঙ্ক মাস্টারস'-এর মতো শো-তে শেফরা যেসব খাবার রান্না করেছেন, সেসব খাবার পরিবেশন করা হবে।
নেটফ্লিক্স বাইটসে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ শেফ নাদিয়া হুসেইনের তৈরি করা খাবারও পাওয়া যাবে। নাদিয়া ২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘গ্রেট ব্রিটিশ বেক অফ'-এ বিজয়ী হন।
এ ছাড়া নেটফ্লিক্স বাইটসে প্রখ্যাত শেফ ডমিনিক করেন, কার্টিস স্টোনের, মিং সাই-এর তৈরি করা খাবারও পাওয়া যায়। স্টোন এক বিবৃতিতে বলেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। এতদিন ক্যামেরায় যা ঘটেছে, তার স্বাদ এবার ভক্তদের দেয়া হবে এই রেস্টুরেন্টে।’
-B










