দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু আজ

ঢাকা: বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৫তম আসর বসছে আজ ৮ নভেম্বর। এবার ১২ দেশ অংশ নেবে এ আয়োজনে। আগামীকাল পর্যন্ত রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডেনিম এক্সপো।
এ আসরে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, ভিয়েতনাম, জাপান, ভারত, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডসহ ১২টি দেশের ৮০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: জানলা ছাড়াই সাড়ে ১৪ হাজার ফিট উঁচুতে উঠেও তড়িঘড়ি নামল উড়োজাহাজ
প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করবে নিজেদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্রপাতি, ফিনিশিং সরঞ্জাম ও অ্যাকসেসরিজ।
সামগ্রিক আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপো আয়োজনের লক্ষ্য সহজে বললে, এর মাধ্যমে যাতে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায় নতুন সুযোগ তৈরি করতে পারে, পারস্পরিক ব্যবসায়িক সংযোগ স্থাপন করতে পারে এবং শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অধিকতর জানতে পারে।’
দুদিনের এ এক্সপোতে পণ্য প্রদর্শনীর পাশাপাশি বেশ কয়েকটি আলোচনা সভা ও ‘ট্রেন্ড সেমিনার’ অনুষ্ঠিত হবে। মেলার অনুষ্ঠিত চারটি সেমিনারের শিরোনাম হলো ২০৩০ সালে বাংলাদেশ পোশাক শিল্পের অবস্থান ও সামনের পথ, ডেনিম শিল্পের টেকসই পরিবর্তন, এ শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচনে করণীয় এবং ১০০ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদ উন্নয়ন ও এর সদ্ব্যবহার।
বাংলাদেশ ডেনিম এক্সপোতে একটি বিশেষ ‘ট্রেন্ড জোন’ থাকবে। এখানে বিভিন্ন উদ্ভাবনী ডেনিম পণ্য প্রদর্শিত হবে এবং আগত দর্শনার্থীরা বাংলাদেশের আগামী দিনের ডেনিম পণ্য, বৈচিত্র্যময় ডিজাইন ও উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পাবেন।
-B










