কভিড-১৯ টিকা কার্ড ছাপানো বন্ধ করল যুক্তরাষ্ট্র

গত দুই বছরে গুরুত্বপূর্ণ নথি হিসেবে মর্যাদা পাওয়া কভিড-১৯ টিকা কার্ডের বিতরণ বন্ধ করছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ফেডারেল সরকার করোনা টিকাদান থেকে সরে আসার পর কার্ড ছাপানোও বন্ধ করে দিয়েছে।
সিডিসির দেয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ সালের শেষ থেকে গত ১০ মে পর্যন্ত ফেডারেল সরকার ৯৮ কোটির বেশি কার্ড সরবরাহ করেছে।
ফেডারেল ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কার্ড বন্ধ করায় বড় কোনো পরিবর্তন ঘটবে না। কারণ বিভিন্ন পাবলিক ইভেন্ট, বার ও রেস্তোঁরায় প্রবেশের ক্ষেত্রে পার্স ও মানিব্যাগে কার্ড রাখার বাধ্যবাধকতা অনেকাংশে শেষ হয়ে গেছে। কারো কার্ড থাকলে সেটি এখনো ভ্যাকসিনেশনের প্রমাণ হিসাবে বৈধ। আর কারো যদি কভিড-১৯ এর রেকর্ডের প্রয়োজন হয়, তারা অন্য যেকোনো ভ্যাকসিনের মতোই নথির জন্য আবেদন করতে পারবেন।
অনেক ক্ষেত্রে টিকাদানকারী ক্লিনিক, ফার্মেসি বা স্বাস্থ্য বিভাগ রেকর্ড সরবরাহ করতে পারে। প্রতিটি রাজ্য ও কিছু শহরে একটি ইমিউনাইজেশন রেজিস্ট্রি রয়েছে। সেখান থেকেও রেকর্ড পাওয়া যাবে। তবে কারা নথি সরবরাহ করবে তা রাজ্যের নিয়মের ওপর নির্ভরশীল।
আরও পড়ুন: কাশ্মিরের মত নৌকায় রাত কাটানো যাবে কাপ্তাই হ্রদে
গত মাসে অনুমোদিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে চার লাখ লোক সর্বশেষ সংস্করণের কভিড-১৯ টিকা পেয়েছে। সিডিসির পরিচালক ডা. ম্যান্ডি কোহেন বুধবার বলেছেন, মোট এক কোটি ডোজ সরবরাহ করা হয়েছে।
-B










