দীর্ঘতর হচ্ছে পরিবেশবান্ধব ফ্লাইটের অপেক্ষা
উড্ডয়নের প্রসঙ্গ এলে কার্বন নিঃসরণ কমানোটা তুলনামূলকভাবে ব্যয়বহুল পরিগণিত হয়। এক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করতে হতে পারে। চলতি সপ্তাহে হয়ে যাওয়া প্যারিস ‘এয়ার শো’তে টেকসই জ্বালানিবিষয়ক আলোচনা গুরুত্ব পেয়েছে। এটি উড়োজাহাজ শিল্পের জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে ধরা হয়।
বর্তমানে উড়োজাহাজ শিল্প গ্রিনহাউজ গ্যাস কমানোর জন্য ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পেছনে গ্রিনহাউজ গ্যাসকেই দায়ী মনে করা হয়। ফলে এবার প্রদর্শনীতেও কম কার্বন নিঃসরণের বিষয়টি বেশ প্রাধান্য পেয়েছে। কিন্তু উড়োজাহাজের জন্য টেকসই জ্বালানি এসএএফ প্রচলিত জেট জ্বালানির বিকল্প হিসেবে পেতে আরো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উড়োজাহাজ পরিচালনা সংস্থা ও নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলেছে যে নতুন উড়োজাহাজ আগের চেয়ে বেশি জ্বালানি সাশ্রয়ী হবে। তার পরও অধিকাংশ উড়োজাহাজ কেরোসিনভিত্তিক জ্বালানি ব্যবহার করবে। এদিকে সার্ট-আপগুলো বৈদ্যুতিক এয়ারক্রাফট বানানোর জন্য দিন-রাত এক করে কাজ করে যাচ্ছে, কিন্তু তা বিদ্যুচ্চালিত যানবাহনের মতো এত জলদি সফলতার মুখ দেখবে না। খাতটিকে কার্বন নিঃসরণমুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জন করতে লেগে যাবে ২০৫০ সাল। বর্তমানে এভিয়েশন খাত বিশ্বব্যাপী ২-৩ শতাংশ কার্বন নিঃসরণ করে। তবে ভ্রমণ বাড়ানো ও অন্যান্য শিল্পের সবুজায়নের সঙ্গে পরিমাণটি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে টেকসই জ্বালানি মোট জেট ফুয়েলের মাত্র দশমিক ১ শতাংশ। রান্নায় ব্যবহৃত তেল ও উদ্ভিদের বর্জ্যের মতো উৎস থেকে তৈরি এসএএফ প্রচলিত জেট জ্বালানির সঙ্গে মিশ্রণ করা যেতে পারে। তবে তাতে খরচ অনেক বেশি হবে।
আমেরিকান এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্ট মলি উইলকিনসন বলেন, ‘আগামীতে সরবরাহকারীরা"দাম নির্ধারণ করতে সক্ষম হবে। আমরা আরো আশঙ্কা করছি, একপর্যায়ে দামটি নেমে আসবে যাত্রীদের টিকিটের দামের কাছাকাছি।’
সীমিত সরবরাহের কারণে সমালোচকরা বলছেন, এয়ারলাইনসগুলো অত্যধিক উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিচ্ছে। জিই অ্যারোস্পেস জরিপে প্রায় এক-তৃতীয়াংশ এভিয়েশন সাসটেইনেবিলিটি অফিসার সন্দেহ প্রকাশ করেছেন যে ২০৫০ সালের এলারলাইনস শিল্পটি নিট শূন্য লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কিনা।
সমালোচকরা এরই মধ্যে ডেল্টা এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে মামলা করেছে। অভিযোগ করা হয়েছে, এয়ারলাইনসটি বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ বিমান সংস্থা হওয়ার মিথ্যা দাবি করছে। আটলান্টাভিত্তিক এয়ারলাইনসটি বলছে, এ অভিযোগের আইনগত কোনো ভিত্তি নেই। বিইইউসি নামের ফরাসি ভোক্তাগোষ্ঠী চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখায় একটি অভিযোগ করেছে, যেখানে ১৭টি বিমান সংস্থার বিরুদ্ধে গ্রিনওয়াশিংয়ের অভিযোগ আনা হয়েছে।
গ্রুপটি বলেছে যে এসব এয়ারলাইনস গ্রাহকদের বিভ্রান্ত করছে ও অন্যায্যভাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ চার্জ করছে। গ্রুপের গবেষকরা দেখেছেন, এয়ার ফ্রান্স সবুজ বিকল্পের জন্য গ্রাহকদের ১৫০ ডলার পর্যন্ত চার্জ করছে। টেকসই বিমান জ্বালানি উড়োজাহাজ পরিবহন খাতকে ডিকার্বনাইজ করার জন্য সবচেয়ে বড় প্রযুক্তিগত সম্ভাবনা। তবে প্রধান সমস্যা হচ্ছে এগুলো এখনই পাওয়া যাচ্ছে না। এমনটাই বলেন বিইইউসির জ্যেষ্ঠ পলিসি অফিসার দিমিত্রি ভার্গনে। তিনি আরো বলেন, ‘আমরা জানি যে আগামী দশক শেষ হওয়ার আগে এ ধরনের জ্বালানি যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে না।’
-B










