আবহাওয়ার রাডার নষ্ট, আড়াই ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান
উড়োজাহাজের যাত্রাপথ ও গন্তব্যস্থলের আবহাওয়া কেমন থাকবে তা ওয়েদার রাডারের মাধ্যমে জানতে হয়। আর সেই ওয়েদার রাডার নষ্ট হয়ে যাওয়ায় ২ ঘণ্টা ৪২ মিনিট আকাশে উড়ে ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ঘটনাটি ঘটছে বুধবার (১৯ এপ্রিল)ভোরে।
বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে (বিজি-৩৩৯) ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা হয়। সোয়া এক ঘণ্টা পর পাইলট বুঝতে পারেন বিমানের ওয়েদার রাডার কাজ করছে না। এ কারণে তিনি রিয়াদ এবং মাঝপথের কোনো অঞ্চলের আবহাওয়া বা বাতাসের গতি সম্পর্কে নতুন তথ্য পাচ্ছিলেন না। ওই সময় ফ্লাইটটি ভারতের ছত্তিশগড়ের আকাশে ছিল। পাইলট তাৎক্ষণিক দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ভোর সাড়ে ৪টার দিকে নিরাপদে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। ফ্লাইটটিতে ৩৫টি বিজনেস ক্লাসসহ ৪১৯টি আসন ছিল। তবে এতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করেনি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কারিগরি সমস্যা থাকায় ফ্লাইটটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। ওয়েদার রাডার ঠিক করে সকাল সাড়ে ৭টার দিকে ফ্লাইটটি আবারও সৌদির রিয়াদের উদ্দেশে রওনা দেয়। রিয়াদের স্থানীয় সময় বেলা ১১টায় ফ্লাইটটি পৌঁছায়।
-B










