কাল ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপি ইউএস ট্রেড শো

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে আগামী (২৭-২৯) অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮তম ইউএস ট্রেড শো।
ট্রেড শো উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু সুলতান এবং মার্কিন বাণিজ্য বিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন।
গতকাল মঙ্গলবার(২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মেলায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। এছাড়া সেখানে যুক্তরাষ্ট্রের ভিসা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে ইউএসএইডের কর্মকাণ্ড-ও মেধাস্বত্ব বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত সেমিনারও থাকবে।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ও দূতাবাস যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশে প্রাপ্য উচ্চমান সম্পন্ন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলো তুলে ধরা হবে। জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে।
করোনা মহামারি শুরুর পর এবারই প্রথম দর্শনার্থীরা সশরীরে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এছাড়া এবারের আয়োজনটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে। বাংলাদেশি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। ২০২১ সালে যার মোট পরিমাণ ছিল ১ হাজার ৬৪ কোটি ডলার।
ট্রেড শো চলাকালে যুক্তরাষ্ট্র দূতাবাস চারটি তথ্যমূলক সেমিনার আয়োজন করবে। ২৭ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ। ২৮ অক্টোবর বিকেল ৩টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশনইউএসএ পরামর্শকেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। এতে তারা সারা বাংলাদেশে এডুকেশনইউএসএ’র মাধ্যমে দেওয়া বিনামূল্য পরামর্শসেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানাবেন।
এ অধিবেশনের পর বিকেল সাড়ে ৪টায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসাসহ বিভিন্ন প্রকার যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় দূতাবাস কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধাস্বত্বের প্রভাব বিষয়ক একটি প্যানেল আলোচনা হবে।
বাংলাদেশের অব্যাহত প্রবৃদ্ধি ও উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্রকরণ ও সহনশীলতা এবং সবার জন্য যৌথ সমৃদ্ধি অর্জনের মূলনীতির ওপর ভিত্তি করে ইউএস ট্রেড শোতে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র দূতাবাস। মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি অর্থনৈতিক উন্নয়ন কৌশলের সমর্থনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে এ ট্রেড শো যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে প্রকাশ করে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে অ্যামচেমের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন বক্তব্য দেন।
ট্রেড শো ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সেমিনার সম্পর্কে বিস্তারিত জানতে amchambd.org-তে ভিজিট করুন।
-B










