জমে উঠেছে বাংলা একাডেমির বৈশাখী মেলা
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে চলছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই মেলায় বসেছে নানা ধরনের পণ্য সামগ্রী স্টল। এতে অংশ নিয়েছে দেশের কুটির শিল্পজাত দ্রব্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবসায়ীরা।
এরই মধ্যে বেশ জমে উঠেছে বাহারি পসরায় সাজানো বাঙালির লোকজ আবহের এই মেলা। প্রতিদিনই মেলায় ভিড় করছেন নানা বয়স ও পেশার মানুষ। সকাল থেকেই সর্বস্তরের মানুষের সরব পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। তবে বিকেলের পরিবেশটা থাকে অনেক বেশি আনন্দমুখর। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
একাডেমির বাগান, ভাষা সৈনিক চত্বর, বয়রা তলা, পুকুর পাড়ে বৈশাখী মেলার স্টলগুলো গড়ে উঠেছে। বৈশাখী মেলা চলছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। এছাড়া বৈশাখী মেলা মঞ্চে রয়েছে হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নানা পরিবেশনায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন পর্যায়ের খ্যাতিমান শিল্পীরা।
মেলায় বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটিরশিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর স্থান পেয়েছে। থাকছে- কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, চামড়ার পণ্য, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘বৈশাখী মেলা আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে গ্রামগঞ্জে এর আয়োজন হলেও ইদানিং শহর-নগরেও এ মেলার আয়োজন দেখা যায়। বাংলা একাডেমি চত্ত্বরে আয়োজিত বৈশাখী মেলা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এটি নগরবাসীকে ক্ষণিকের জন্য হলেও অনাবিল আনন্দ উপভোগের সুযোগ করে দিচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের বিপণন ও প্রদর্শনের সঙ্গে রয়েছে মেলার নিবিড় সম্পর্ক। ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের ক্রয়-বিক্রয়ের স্থান হিসেবে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয়ই হয় না, নতুন নতুন নকশা, নমুনা, উৎস, দর ইত্যাদির সঙ্গে ক্রেতা-বিক্রেতা ও উৎপাদকের পরিচয় ঘটে। তাই পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের অন্যতম মাধ্যম হলো মেলা।’
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর উপস্থিত ছিলেন।
-B










