ইদের আগে চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ট্রেন

বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল আবারও আটকে গেছে। প্রথমে স্বাধীনতা দিবস ও পরে পহেলা বৈশাখে এই ট্রেন চালুর কথা বলা হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে স্বাধীনতা দিবসের লক্ষ্যমাত্রার পর পহেলা বৈশাখের লক্ষ্যমাত্রাও পূরণ করা সম্ভব না হওয়ায় রেলপথে বাংলাদেশ-ভারত যোগাযোগ ইদুল ফিতরের পর চালুর চিন্তা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রেন পরিচালনার জন্য বাংলাদেশ রেলওয়ে প্রস্তুতি নিলেও ভারতীয় হাইকমিশন ভিসা চালু না করায় ট্রেন চলাচল চালু করা যাচ্ছে না। নতুন করে ট্রেন চালুর দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।
রেল কর্তৃপক্ষ বলেন, ট্রেনগুলো চালু করার জন্য আমরা আমাদের প্রস্তুতি জানিয়ে চিঠি দিয়েছি ভারত রেলওয়েকে। আমাদের দিক থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন তাদের পক্ষ থেকে সাড়া মিললেই ট্রেনগুলো যাত্রী পরিবহন শুরু করতে পারবে।
টানা দুই বছরেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় অবশ্য নেতিবাচক প্রতিক্রিয়াই জানাচ্ছেন যাত্রীরা। তারা বলছেন, ব্যবসা ও চিকিৎসাসহ ভ্রমণের জন্যও বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যাতায়াত করে থাকেন। মৈত্রী ও বন্ধনের মাধ্যমে রেলপথ তাদের জন্য সহজ ও নিরাপদ ভ্রমণের মাধ্যম হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। ফলে তারা দ্রুত জটিলতা কাটিয়ে দুই দেশের ট্রেন চলাচল শুরুর দাবি জানিয়েছেন।
-B










