মরুর বুকে ফুটবলের মহারণ শুরু আজ

আজ রবিবার (২০ নভেম্বর)সেই মাহেন্দ্রক্ষণ। সব পথ যেন মিশেছে পারস্য উপসাগরের তীরে বিশ্বকাপের মহারণে কাতারের রাজধানী দোহায়।
বর্ণ-ধর্ম নির্বিশেষে তাবৎ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বর্ণিল এ আয়োজনে। বিচিত্র ভাষা, বিচিত্র পোশাক, আচার-আচরণ সবকিছুকে ছাপিয়ে এখানে উত্থিত হবে মিলনের সুর, ভালোবাসা, ভালোলাগার জয়গান।
প্রথম দিনে মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে রাত আটটায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
বিশ্বকাপ ফুটবল শুধু বিশ্ববৃহৎ ক্রীড়া উৎসবই নয় বিশ্বের অন্যতম সর্ববৃহৎ মিলনমেলাও।
বিশ্বকাপ উপলক্ষে কাতার জুড়ে নতুন করে হয়েছে সাতটি স্টেডিয়াম। আর পুরনো স্টেডিয়ামটির হয়েছে বড় সংস্কারও। হয়েছে মেট্রোরেল, হোটেল, রাস্তাঘাটসহ অনেক কিছুই।
এবারের আসরে আটটি গ্রুপে মাসব্যাপী বিশ্বকাপে সোনার ট্রফির জন্য লড়াই করবে ৩২টি দেশ। বরাবরের মত এবারের আসরেও লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলকে হট ফেভারিট হিসেবে আখ্যা দিচ্ছেন বিশ্ব ফুটবল বিশেষজ্ঞরা।
অপরদিকে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো বলেছেন, ‘আমরা সবসময় বলেছি কাতার এ যাবতকালের সেরা বিশ্বকাপ উপহার দেবে। তিনি আরও বলেন, কাতার প্রস্তুত, বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, ফিফাও প্রস্তুত।
এই বিশ্বকাপে ফিফার আয় অন্যান্য বিশ্বকাপ থেকে বেশি হবে বলেও জানান ফিফার সভাপতি। বিশ্বকাপ থেকে ফিফার লভ্যাংশ সাধারণত ফুটবল কমিউনিটিতে বণ্টন করা হতো। তবে এবার সেটি বণ্টন করা হবে সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনায়। প্রায় এক মাস ম্যাচ চলার পর ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।
তেল সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী দেশটি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছিল। এখন অপেক্ষা সারা বিশ্বের সামনে নিজেদের পরিশ্রমকে সফল প্রমাণের।
ফিফা র্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে থাকা দেশটির কোচ ফেলিক্স সানচেজ বলেন, ‘অনেকেই বলে থাকেন স্বাগতিক হওয়ার কারণে আমরা বিশ্বকাপ খেলছি। এটা শুনতে মোটেও ভালো লাগে না। এজন্য ছেলেরা মুখিয়ে আছে মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে। ভালো খেলেই সবাইকে দেখাতে চায় বিশ্বকাপে খেলার যোগ্য কাতার।’
-Biplob










