এভিয়েশন খাতের কাঙ্ক্ষিত উন্নয়নে সমন্বিত উদ্যেগ প্রয়োজন
এভিয়েশন শিল্পের উন্নয়নে দরকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ। সমন্বিত উদ্যোগ ছাড়া এভিয়েশন খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি সাধন সম্ভব নয় বলে মত ব্যাক্ত করেছেন বক্তারা।
তারা বলেন, দীর্ঘদিনের এ সমস্যাগুলোর সমাধানে এ খাতের উদ্যেক্তাদের নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারের আন্তরিক নীতি সহায়তা ও দিক নির্দেশনাও খুবই জরুরী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ডেইলি স্টার ভবনে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ(এওএবি) আয়োজিত "এভিয়েশন ইন্ডাষ্ট্রি ইন বাংলাদেশ: প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস" শীর্ষক ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন।
বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালে এভিয়েশন খাত নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের নিয়ে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়।
এওএবি'র প্রেসিডেন্ট জনাব অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এবং এওএবি'র সেক্রেটারি জেনারেল ও নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ডেইলি স্টার এর নির্বাহী সম্পাদক জনাব সৈয়দ আশফাকুল হক ও দি বাংলাদেশ মনিটর এর সম্পাদক জনাব ওয়াহিদুল আলম। এছাড়াও দেশের বিভিন্ন বিমান সংস্থা, হেলিকপ্টার সংস্থা ও ফ্লাইং স্কুলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে দেশের এভিয়েশন খাত কঠিন সময় অতিবাহিত করছে। প্রায় দুই বছর করোনার অভিঘাতের ফলে সৃষ্ট ক্ষতি এখনো এয়ারলাইন্সগুলো কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে জেট ফুয়েলের দাম প্রতি মাসেই বৃদ্ধি পাচ্ছে। ফলে এয়ারলাইন্স ও হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয়ও অধিকহারে বেড়ে গেছে। এছাড়া অসম প্রতিযোগীতা, কাষ্টমস জটিলতা, সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি ও সারচার্জের ফলে এ খাতের উদ্যোক্তাদের মহাসংকটে ফেলেছে।
বক্তারা আরো বলেন, এ খাতের উদ্যোক্তারা সেবার মান উন্নত করতে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু এ খাত সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থাগুলোরও আন্তরিক হতে হবে। নীতি সহায়তার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে হবে। তাহলেই দেশের এভিয়েশন খাত বিশ্বের এভিয়েশন খাতে একটি শক্ত অবস্থান তৈরী করতে পারবে।
-B










