৪০ পণ্যের মূল্য বেঁধে দিল সরকার

আসন্ন রমজান মাস উপলক্ষে চাল, ডাল, তেল, চিনি, পিঁয়াজ, সবজি, ফল, ডিম, মুরগিসহ ৪০ পণ্যের পাইকারি ও খুচরা মূল্য বেধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।
বুধবার রমজানে কৃষিপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে কৃষি বিপণন অধিদপ্তর। বৈঠকে রমজান উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে এ তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় রয়েছে।
কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, রমজানে চাহিদা অনুযায়ী উৎপাদন ও আমদানি স্বাভাবিক আছে। কোনো পণ্যের ঘাটতি নেই। তার পরও বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলে কঠোর অবস্থানে যাবে সরকার। রমজানজুড়ে সাঁড়াশি অভিযানে থাকবে সরকারের বিভিন্ন সংস্থা।
বৈঠকে ব্যবসায়ীরা বলেছেন, পণ্যের সরবরাহ এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে, ঘাটতি নেই। প্রতি বছর রমজানে দফায় দফায় সরকারের সংস্থাগুলো বৈঠক করলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায় না। এজন্য মূলে হাত দিতে হবে। অযৌক্তিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার চাপ সইতে হচ্ছে ভোক্তাকেই। অন্যদিকে মধ্যস্বত্বভোগী ও ফড়িয়া ব্যবসায়ীর দৌরাত্ম্য এবং পুলিশ ও পরিবহন খাতে চাঁদাবাজি মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আছে।
বৈঠকে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, রমজাননির্ভর ছয় পণ্য- ছোলা, পিঁয়াজ, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও খেজুরের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত মজুত গড়ে তোলা হয়েছে। রমজান মাসের চাহিদার তুলনায় এসব পণ্যের সরবরাহ বেশি রয়েছে। এ ছাড়া আমদানি প্রক্রিয়ায়ও রয়েছে বিপুল পরিমাণ পণ্য। আমদানিও বেড়েছে। ফলে বাজারে রমজাননির্ভর এসব পণ্যের কোনো ধরনের সংকট নেই।
-B










