ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট চালু হতে পারে কাল থেকে
পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেটে সিভিল এভিয়েশন অথরিটির টিম

রানওয়েতে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট থেকে লন্ডনগামী সব ফ্লাইট বাতিল (১৭ জুন) করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বেবিচকের একটি সূত্র আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) থেকে পুনরায় ফ্লাইট চালু হবে বলে আশাপ্রকাশ করেছেন।
সিলেট বিমানবন্দরের ম্যানেজার আব্দুস সাত্তার বাংলাদেশ মনিটরকে জানান, ''আশা করছি আগামীকাল থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হবে''।
অপরদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ডিস্ট্রিক্ট ম্যানেজার দেবব্রত মল্লিক বাংলাদেশ মনিটরকে বলেন, যদিও বিষয়টি সম্পর্কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে তবুও আশা করছি কাল সকাল ৮-৪৫ মি ৫দিন পর বিমানের ফ্লাইট অবতরণ করে ৯-৪৫ মি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, ইংল্যান্ডের বেশিরভাগ যাত্রী সিলেট অঞ্চলের হওয়াতে বাংলাদেশ বিমানের সপ্তাহে চারদিন ঢাকা-সিলেট-লন্ডনের হিথ্রো ও দুই দিন ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট হয়। সরাসরি ঢাকা থেকে কোনো ফ্লাইট যায় না। তবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে,যাত্রীরা জানান,সিলেটের বেশিরভাগ বাসিন্দা ইংল্যান্ডে বসবাস করেন ফ্লাইট বন্ধ থাকলে তারা যাতায়াত করতে পারবে না। কিন্তু বন্যা কবলিত এলাকায় লোকজনের পাশে দাঁড়াতে অনেকেই এখন দেশে আসতে চাচ্ছেন। ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা আসতে পারছেন না।
জানতে চাইলে বেবিচকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটের বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেটের ব্যবস্থাপক দেবব্রত মল্লিক বলেন, ঢাকা থেকে সিভিল এভিয়েশনের একটি বিশেষজ্ঞ দল রানওয়ে পরিদর্শন করেন। তারা জানিয়েছেন, ২২ জুন পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফ্লাইট ওঠা-নামা শুরু হবে।
উল্লেখ্য, চলমান বন্যার কারণে রানওয়ে সংলগ্ন এপ্রোচ লাইট এলাকায় পানি উঠে যাওয়ার কারণে গত ১৭ জুন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে ।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের পাশাপাশি সিলেট-লন্ডন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হয় এই বিমানবন্দর থেকে।
-B










