সৌদি এয়ারলাইন্সকে সতর্ক করে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়

ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই হজ যাত্রী পরিবহনে শনিবার(১১ জুন )বিকেলে একটি ফ্লাইট যুক্ত করে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ বিষয়ে বাংলাদেশ মনিটরকে বলেন, এয়ারলাইন্সগুলোর সাথে এর আগে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ফ্লাইট বাতিল বা সংযুক্ত করা যাবে না। কিন্তু সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই একটি ফ্লাইট যুক্ত করেছে; যা রুট টু মক্কা কর্মসূচি বাংলাদেশ পর্বের ইমিগ্রেশন এবং এভিয়েশনের ওপর চাপ সৃষ্টি করে যেটা হজ ব্যবস্থাপনায় অন্তরায়ও বটে ।
তিনি বলেন, হজ যাত্রীদের স্বার্থে যদিও বিষয়টি আমরা মেনে নিয়েছি এবং সুষ্ঠু তদারকির মাধ্যমে সুন্দরভাবে ফ্লাইটটি পাঠানো সম্ভব হয়েছে তারপরও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে এ বিষয়ে যথাযথ ব্যাখা প্রদান করতে হবে।
উল্লেখ্য, এ বছর মোট তিনটি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে। এর মধ্যে সৌদি মালিকানাধীন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স অন্যতম। মোট ২৩ হাজার ৫৪৫ জন হজযাত্রী পরিবহন করার কথা রয়েছে তাদের।
-B










