৪ ঘণ্টা দেরিতে ঢাকায় ফিরল বিমান

ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটিতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিলেন।
এসময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিল।
সোমবার (১৮ জুলাই) রাত ৯টা থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।
আটকে থাকা এসব যাত্রীদেরকে তেমন কোনো খাবারও দেওয়া হয়নি। ফলে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে দুর্বিষহ সময় কাটান তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা যাহিদ হোসেন এ বিষয়ে বাংলাদেশ মনিটরকে বলেন, ল্যান্ডিংগিয়ারের ইন্ডিকেটরে একটু ত্রুটি দেখা দেয়ায় সমস্যাটি হয়। তৎক্ষণাৎ জেট এয়ারওয়েজের প্রকৌশলীরা সেটা সমাধান করে। ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। যে কারণে সময় একটু বেশি লেগেছে। গ্রাউন্ড ইলেক্ট্রিসিটি না থাকায় এসি চলেনি।
যাত্রীদের দুর্দশা প্রসঙ্গে তিনি বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অনবোর্ড হলে নামার আর সুযোগ থাকে না।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানানো হয় এবং বিলম্বে ছাড়বে বলা হয়।
সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ৩৬ মিনিট আকাশে ওড়ার পর ঢাকায় স্থানীয় সময় রাত ১টা ৪২মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে বিমান কর্তৃপক্ষ জানায় ।
-B










