গুয়াংজুর পথে ২২৯ যাত্রী নিয়ে উড়াল দিল বিমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রীবাহী ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
উদ্বোধনের পর বেলা সোয়া ১১টায় ২২৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে উড়াল দেয়।
উদ্বোধনী বক্ত্রিতায় প্রতিমন্ত্রী বলেন, বিমান একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বিমানের আর্থিক অবস্থা ভালো। সামনে আরো ভালো অবস্থানে যাবে বলে আশা করছি। বিমানের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।
তিনি আরো বলেন, ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চীনে যাতায়াতের সমস্যা দূর হবে। বর্তমানে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি কম থাকলেও অদূর ভবিষ্যতে এই ফ্রিকোয়েন্সি আরো বৃদ্ধি পাবে। দুই দেশের মধ্যে ব্যবসা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই রুট বিমানের অন্যতম লাভজনক রুটে পরিণত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের বিজি-৩৬৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। একইদিন ফিরতি ফ্লাইট বিজি-৩৬৭ গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে।
এদিকে চীনের কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করছে বিমান।
-B










