দেশে উড়োজাহাজের জ্বালানি সংকট নেই - বিপিসি চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনর চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি বলছেন, জেট ফুয়েল সংকট উত্তরণে সম্ভাব্য সবকিছু করছে সংস্থাটি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৫/৬ হাজার মেট্রিক টন উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ ফুয়েলের চালান দেশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে এবং সেসময় পর্যন্ত জ্বালানি মজুদ আছে বলেও তিনি বাংলাদেশ মনিটরকে নিশ্চিত করেন।
বাংলাদেশ মনিটরকে তিনি আরও বলেন, আগামী ৭/৮ দিনের মধ্যে মোট ৩৩ হাজার মেট্রিক টন উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ ফুয়েলের চালান দেশে এসে পৌঁছবে বিধায় সংকটের কোন সুযোগ নেই।
এরই মধ্যে শিপিং লাইনকে তাগাদা দেয়া ছাড়াও চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর দ্রুত সময়ে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, দেশে চাহিদা পূরণে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বিপিসি। পরিশোধিত বিভিন্ন গ্রেডের জ্বালানি তেলের মধ্যে ডিজেলের সিংহভাগ এবং জেট এ-১-এর শতভাগই আমদানি করে রাষ্ট্রায়ত্ত এ সংস্থা। তাদের কাছে জ্বালানি তেল সরবরাহকারী ছয়টি বিদেশী প্রতিষ্ঠানের পাওনা রয়েছে ২৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ডলার। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা সে অর্থ পরিশোধে তাগাদা দিলেও দেশে ডলার সংকট থাকায় বিপিসি দিতে পারছে না। এমনকি এসব বকেয়ায় সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের দায় থাকায় এসব ব্যাংকের নতুন এলসিও গ্রহণ করছে না সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এ কারণে চলতি মাসে বেশ কয়েকটি জ্বালানির চালান কয়েক দফায় পিছিয়েও দেয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র।
- -B










