সপ্তাহে মাত্র ১০টি ভিসা ইস্যু করছে সউদী দূতাবাস

মাহে রমজানে ঢাকাস্থ সউদী দূতাবাস কর্তৃপক্ষ অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো থেকে পাসপোর্ট জমা নেয়ার সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে সউদী গমনেচ্ছু কর্মীদের ভোগান্তি চরমে পৌছেছে। যথা সময়ে ভিসা না পাওয়ায় অনেক কর্মীর মেডিকেলের মেয়াদ শেষ এবং বিমানের টিকিট বাতিল কতে হচ্ছে। এ ছাড়া বিগত দেড় মাস যাবত সউদীগামী ভিজিট ভিসা ইস্যু বন্ধ থাকায় হাজার হাজার সউদীগামী যাত্রী চরম হয়রানির শিকার হচ্ছেন। সউদী ভিসা সার্ভিস সেন্টারগুলোতে প্রতি দিন ধরনা দিয়েও কোনো সাড়া পাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, রমজানের আগেও সউদী দূতাবাস থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে সপ্তাহে প্রত্যেক এজেন্সিকে ত্রিশটি পাসপোর্টে স্ট্যাম্পিং করা হতো। এর আগে সপ্তাহে চল্লিশ পঞ্চাশটি পাসপোর্টেও স্ট্যাম্পিং করা হতো। সউদী-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সর্ম্পক অত্যান্ত চমৎকার হওয়ায় করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হলে অন্যান্য দেশ থেকে কর্মী না নিলেও দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রেখেছে। দেশটিতে বর্তমানে প্রায় বিশ লাখ বাংলাদেশি কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন।
এদিকে, সউদী দূতাবাস থেকে ভিসা পেতে বিলম্ব হওয়ায় অনেক সউদীগামীকর্মীর মেডিকেলের মেয়াদ শেষ হওয়ায় দ্বিতীয় দফায় মেডিকেল করতে অতিরিক্ত দশ হাজার টাকা গচ্চা দিতে হচ্ছে। এতে অভিবাসন ব্যয় বাড়ছে। তারা ছাড়া ভিসা পেতে বিলম্ব হওয়ায় সউদী নিয়োগকর্তারা আকামা বাতিল করে দেয়ার হুমকি দিচ্ছেন।
এদিকে, ঢাকাস্থ সউদী দূতাবাসে ফ্যামিলি ভিসা, রেসিডেন্স ভিসা, বিজনেস ভিসা ও স্টুডেন্ট ভিসা ইস্যু বন্ধ থাকায় হাজার হাজার সউদীগামী যাত্রী চরম হতাশায় দিন কাটাচ্ছেন। রমজানে সউদীতে বসবাসকারী বাংলাদেশি পরিবারের কাছে তাদের আত্মীয় স্বজনরা দেশটি যাওয়ার জন্য দেশের ৩৬টি সউদী ভিসা কনসালটেন্সি সেন্টারে ধরনা দিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। যথা সময়ে দেশটিতে যেতে না পেরে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন সংশ্লিষ্ট যাত্রীরা। একাধিক সউদী ভিসা সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
না প্রকাশ না করার শর্তে সউদী ভিসা সার্ভিস সেন্টারের একজন স্বত্বাধিকারী বলেন, বিগত দেড় মাস যাবত ভিজিট ভিসা ইস্যু কার্যক্রম কোনো কারণ ছাড়াই বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী সউদী সরকারের যথাযথ ট্যাক্স পরিশোধ করেও দেশটিতে যেতে পারছে না। এর মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হবার পথে।
-B










