ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা

রাজধানীতে শেষ হলো ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। দীর্ঘদিন পর এমন আয়োজন সাড়া জাগিয়েছে পর্যটকদের। আর কর্মতৎপরতা ফিরে আসায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতিই বলে দেয় বাঁধনহারা মন আবারও ছুটতে চায় নতুন কোনো চোখ জুড়ানোর দেশে। তাই নির্দিষ্ট গন্তব্যের বিভিন্ন অফার খুঁজে নিতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আসেন তারা।
আকর্ষণীয় ছাড় ও উপহারের কারণে ক্রেতারা স্টলে ভিড় করছেন, কেউ কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন। মেলায় ছাড় দেওয়ায় ক্রেতারা যেমন খুশি, তেমনি বিক্রেতারাও আনন্দিত।
আয়োজকরা বলছেন, করোনাভাইরাসের ধাক্কা সামলে দুই বছর পর পর্যটন মেলা শুরু হওয়ায় মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বিচ্ছিন্নভাবে নয়, এক ছাদের নিচে পর্যটন কেন্দ্রিক সব ধরনের সেবা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে ট্রিপ লাভার ‘ঢাকা ট্রাভেল মার্ট।’
নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতিতে কোণঠাসা মনের স্থবিরতা কাটাতে তিনদিনের এ মেলার শেষদিন শনিবার (৪ জুন ) জমজমাট ছিল পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতিতে।
প্রায় দু'বছর পর এমন আয়োজনে পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানায় অপারেটরগুলো। 'বিশ্বভ্রমণ নিষেধাজ্ঞা মুক্ত'- এমন বার্তা দিতেই এ মেলার আয়োজন বলেও জানান তারা।
দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর'র আয়োজনে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ শুরু হয়েছিল বৃহস্পতিবার (২ জুন)।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছিল জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, করোনার কারণে বৈশ্বিক পর্যটন খাত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এই মেলা সে অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দেবে। তিনি বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হয়েছে।
দেশের পর্যটন শিল্প বিকাশে মেলার ভূমিকা তুলে ধরে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “করোনা মহামারীতে বিপর্যস্ত ভ্রমণ ও পর্যটন খাতের পুনরুজ্জীবনে গতি আনাই আমাদের মূল লক্ষ্য।
আমরা এমন একটি প্ল্যাটফর্ম প্রদানের চেষ্টা করেছি যেখানে বিক্রেতারা তাদের পন্য ও সেবার প্রচার করতে পারবেন, এবং ক্রেতারা তাদের পছন্দের সেবাটি সরাসরি নেয়ার সূযোগ পাবেন। এই মেলাটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধ তৈরী করবে বলে মনে করি”।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পন্সর ছিল শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী ট্রিপ লাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
-B










