অনলাইনে ভিসা ফি''র সুযোগ দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্য যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এখন থেকে অনলাইনে ভিসা ফি জমা দিতে হবে। আগামী ২৮ নভেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।
রবিবার (২০ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ভিসা ফি অনলাইন বা ক্যাশে জমা দেওয়ার বিধান রয়েছে, যা ২৮ নভেম্বরের পর শুধু অনলাইনে প্রদান করা যাবে।
ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারসন ডিকসন এ বিষয়ে বলেন, ‘২০২২ সালের জুন পর্যন্ত এক বছরে ২৪ হাজার ৪০০টি ভিসা ইস্যু করেছে দূতাবাস, যা তার আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি।’
বাংলাদেশের চলমান ডিজিটাইজেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অবলম্বন এবং সব আবেদনকারীর জন্য ভিসা আবেদনের অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজতর করার এখনই সময়।
এ পরিবর্তনের ফলে কোনো ভিসা আবেদনকারী কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে তার জন্য যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) দুঃখ প্রকাশ করছে। সব ভিসা আবেদনকারীকে ভিসার আবেদন শুরু করার আগেই সঠিক পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে ভিসা গ্রাহকদের অনলাইনে অথবা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে নগদ অর্থের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।
-B










