ট্রফি নিয়ে দেশে ফিরল সাফজয়ী মেয়েরা

দেশে পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। তাঁদের বরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফের একটি প্রতিনিধি দলও।
অপরদিকে, সাবিনা-সানজিদাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছিলেন দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা। তাদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
বিমানবন্দর থেকে বাইরে বের হওয়ার পর নারী দলের জন্য রাখা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে ও আশপাশের জায়গায় মোতায়েন ছিল বাড়তি পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা।
বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বহনকারী ছাদখোলা বাসটি এয়ারপোর্ট রোড ধরে বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাই। সেখান থেকে ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর হয়ে বাসটি যাই মতিঝিলের বাফুফে ভবনে।
নারীদের এ বিজয় পুরো বাংলাদেশের। তাই এ বিজয় উদযাপন করার জন্য সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন দুই গোল দেওয়া কৃষ্ণা রানী সরকার।
আলো ছড়ানো, আনন্দে জড়ানো এক টুর্নামেন্ট ছিল হিমালয়ের দেশে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার সাফল্য-স্পর্শে শিহরিত লাল-সবুজের ফুটবলকন্যারা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাবিনা-সানজিদাদের অভূতপূর্ব সাফল্যস্নাত সন্ধ্যায় গর্বিত গোটা দেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে মারিয়া-মনিকাদের বরণের উদ্যোগ নেয় আগে থেকেই। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাফুফে সমন্বয়সভা করে। সেখানে সিদ্ধান্ত হয়-বিজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
ছাদখোলা বাসে সাবিনাদের অভ্যর্থনা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, বাসে সাবিনাদের চ্যাম্পিয়নশিপের ছবি দিয়ে ব্র্যান্ডিং করা হয়েছে। বাস যখন চলবে, তখন গান বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করেছে।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই অর্জনের জন্য সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন চ্যাম্পিয়নরা।
-B










