শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত আদেশ জারি করেছে উভয় মন্ত্রণালয়।
চলতি সপ্তাহ থেকেই এ আদেশ কার্যকর হবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির চিন্তা করেছিল। পরে তারাও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিল রেখে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার সিদ্ধান্ত নেয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘সরকার ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই ছুটি বৃহস্পতি ও শুক্রবার করার ব্যাপারে একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু পরে আমরা সে চিন্তা থেকে সরে এসে শুক্র ও শনিবারই সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিই।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে। বিশ^বিদ্যালয়গুলো নিজ নিজ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
-B










