বিশ্বকাপ ট্রফি এখন পূর্ব তিমুরের পথে

বিশ্বকাপ ট্রফি এখন পূর্ব তিমুরের পথে
ফিফা বিশ্বকাপ মানেই উন্মাদনা। আর এই উন্মাদনার শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের মাধ্যমে। গত মার্চে দুবাই থেকে ফিফা বিশ্বকাপ ট্রফি ঘুরছে। গন্তব্য বিশ্বের ৫১ দেশের শহর। নানা দেশ নানা শহর ঘুরে কাতার পৌঁছবে ট্রফিটি।
বিশ্বভ্রমণের অংশ হিসেবে ট্রফি এসেছিল বাংলাদেশে। ভ্রমণ শেষে শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হয়েছে বিশ্বকাপের ট্রফি। কোকাকোলার চার্টার্ড বিমানে ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
এর আগে, বুধবার সকাল সোয়া ১১টার পর বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। বুধ ও বৃহস্পতিবার দুই দিন বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে প্রদর্শিত হয়৷ বুধবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি দর্শন করেন। সেদিন রাতে হোটেল রেডিসনে নৈশভোজে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ট্রফি দেখেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে হোটেল রেডিসনে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ৩ হাজারের বেশি আমন্ত্রিত ব্যক্তিবর্গ । এরপর ট্রফি নেওয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। বৃষ্টির জন্য কনসার্ট শুরু হতে কিছুটা বিলম্ব হলেও ট্রফি নিয়ে আসা ফিফা লিজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বু দর্শকদের জন্য ট্রফি উন্মোচন করেন। কনসার্ট থেকে ট্রফি গতকাল রাত এবং আজ সারাদিন হোটেল রেডিসনেই ছিল।
বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ট্রফি আসল। ২০০১ সালে প্রথম বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এরপর ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু বাংলাদেশে ঘুরে গেল।
-B










