এবার হজের সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার টাকা

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ-১-এর অধীনে জনপ্রতি পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছে। প্যাকেজ-২-এর অধীনে ধরা হয় জনপ্রতি চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা।
প্যাকেজ-১-এর অধীনে এক লাখ দুই হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এর অধীনে খরচ বেড়েছে এক লাখ দুই হাজার ১৫০ টাকা।
হজ প্যাকেজ নিয়ে বুধবার (১১ মে) সচিবালয়ে সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এই প্রস্তাব করেন।
অপরদিকে, বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।
হাবের সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ‘সাধারণ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ করা হয়েছে। এছাড়াও প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবে। তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্য থেকে কম হবে না।
হজযাত্রীদের প্যাকেজের পুরো টাকা আগামী ১৮ মে’র মধ্যে নিজ নিজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা করার অনুরোধ জানিয়ে শাহাদাত হোসাইন বলেন, কোনো মধ্যস্বত্বভোগীর হাতে টাকা দিয়ে প্রতারিত হবেন না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করতে হবে।
-B










