গুয়াংজু রুটে বিমানের ৩য় ফ্লাইটের টিকিট বিক্রি শুরু ১২ সেপ্টেম্বর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ১৩ অক্টোবরের ফ্লাইটের টিকিট ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় শুধু বিমান হোস্ট সিস্টেমে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
এর জন্য যাত্রী, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্টেদের প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিমানের দেশে-বিদেশে অবস্থিত যে কোনো বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি কোভিড প্রটোকল নিশ্চিত হয়ে টিকিট কেনার অনুরোধ করা হয়েছে।
১৩ অক্টোবর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪৫ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বিমানের ভাড়া বাজারের বর্তমান চাহিদার তুলনায় কম থাকায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে।
ঢাকা থেকে যাত্রার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া ১ হাজার ৫০০ মার্কিন ডলার হতে শুরু করে ২ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। বিজনেস ক্লাসের একমুখী ভাড়া ২ হাজার ৮০০ মার্কিন ডলার থেকে শুরু করে ৩ হাজার ২০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে।
মূল ভাড়া ছাড়াও সব ক্ষেত্রে টিকিটপ্রতি ট্যাক্স বাংলাদেশি টাকায় ৮ হাজার ৭৩৭ টাকা।
উল্লেখ্য, বাজারের চাহিদা অনুযায়ী প্রচলিত নিয়মে ভাড়া ক্রমান্নয়ে ঊর্ধ্বমুখী হবে।
গুয়াংজু-ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের টিকিট বিমানের দেশি-বিদেশি বিক্রয়কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও কেনা যাবে। ফিরতি ফ্লাইটের ভাড়া বিমানের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।
-B










