আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল দিবস আজ

ঢাকা : আন্তর্জাতিক বেসামরিক উড়োজাহাজ চলাচল দিবস আজ। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত এক সিদ্ধান্তে সদস্য দেশগুলোকে প্রতিবছর ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক উড়োজাহাজ চলাচল দিবস পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে রয়েছে ক্রোড়পত্র প্রকাশ, উন্নত যাত্রী সেবার অঙ্গীকার, জনসচেতনতা তৈরি ও বিমানবন্দরে আলোকসজ্জার ব্যবস্থা করা।
বেবিচক কর্মকর্তারা জানান, আইকাওয়ের কাজ হচ্ছে বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলকে সুবিন্যস্ত, সম্প্রসারণ ও নিরাপদ করা। এছাড়া বেসামরিক বিমান চলাচলের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিমানের নকশা অনুমোদন, বিমানবন্দর ও বিমান চলাচলের বিকাশ ঘটাতে উৎসাহ দেয়ার কাজও করে আইকাও।
সংস্থাটি তার ১৮৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
দেশে দেশে বেসামরিক বিমান চলাচলের মাধ্যমে বন্ধুত্ব ও সমঝোতা সৃষ্টিই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের উদ্দেশ্য।
-B










