আজ প্রথম তারাবি কাল রোজা শুরু

রহমতের পয়গাম নিয়ে আসে বরকতময় রমজানুল মোবারক। শুরু হয়ে যাবে রহমতের বারিধারা। আল্লাহর প্রিয় বান্দারা রহমত, বরকত ও মাগফিরাতের বৃষ্টিতে অবগাহন করবে বলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ হিসাবে পবিত্র লাইলাতুল কদর পালন করা হবে আগামী ১৮ এপ্রিল রাতে।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে কমিটি এ সিদ্ধান্ত নেয়।
প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় (গতকাল) বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এক্ষেত্রে বৃহস্পতিবার তারাবির নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট। শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৪ মিনিট। অন্যদিকে
পবিত্র কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য রমজান মাসে খতমে তারাবির নামাজ পড়ার সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াতের কথা বলা হয়েছে। এভাবে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ শবেকদরে পবিত্র কোরআন খতমের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতÑ এ তিন অংশে বিভক্ত। রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দেন।
-B










