আজ পর্দা নামছে বইমেলার

মাসব্যাপী চলা অমর একুশে বইমেলায় শেষ বিকিকিনি হবে আজ রাতে। তার পরই পর্দা নামবে বইপ্রেমী ও লেখক-প্রকাশকদের প্রাণের এ মেলার। কভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছরের মন্দা কাটিয়ে অমর একুশে বইমেলা ২০২৩-এ বিক্রিতে রেকর্ড গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রকাশক ও বিক্রেতারা।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় দেখা যায়। মেলা শুরুর সময়ই প্রবেশের লাইন গিয়ে ঠেকে প্রায় টিএসসি পর্যন্ত। বেলা সোয়া ৩টা থেকেই জমে ওঠে মেলা। বিক্রয় কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন পাঠকদের চাহিদামাফিক বই সরবরাহে। তবে গতকাল মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি ছিল বলে জানিয়েছেন ঐতিহ্য প্রকাশনীর বিক্রেতা মোহাম্মদ মোস্তাকিম। তিনি বলেন, ‘আগামী এক বছরের জন্য মেলা শেষ হচ্ছে। অনেকে আসছেন শেষবারের মতো মেলা ঘুরে দেখতে। যা কেনার, তা আগেই কিনেছেন।
এদিকে প্রাকৃতিক বিপর্যয় না থাকায় ও সঠিক সময়ে মেলা অনুষ্ঠিত হওয়ায় এবার বিক্রির পরিমাণ বিগত বছরগুলোর তুলনায় বেশি হবে বলে মনে করছেন মেলাসংশ্লিষ্টরা। তারা জানান, মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালের মেলা পূর্ণাঙ্গভাবে ও সঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি। ফলে লোকসান গুনতে হয়। আবার ঝড়-বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের কবলেও পড়েনি এবারের মেলা। তাই গত দুই বছরের তুলনায় এবার বিক্রির পরিমাণ বেশি। সামগ্রিকভাবে বিগত যেকোনো বছরের তুলনায় বিক্রিতে রেকর্ড সৃষ্টি হতে পারে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
-B










