বিশ্বের ১১০টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকা: বিশ্বের ১১০টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ (৩০ জানুয়ারি) শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আর শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে কানাডার ভ্যানকুভারে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ২৪৭ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। অর্থাৎ আজ ঢাকার বায়ুর মান স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এ শহরের স্কোর ২০১। রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল গত বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরের স্কোর ১৯৭। এর পরের তিনটি অবস্থানে রয়েছে ভারতের তিনটি শহর। চারে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯০, পাঁচে থাকা মুম্বাইয়ের ১৮৮ এবং ষষ্ঠ অবস্থানে থাকা কলকাতার স্কোর ১৮৭। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে। শহরটির দূষণ মাত্রার স্কোর মাত্র ৮।
একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। একিউআই সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। একিউআই সূচক ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
-B










