পর্যটনে ৬ বলে ৬ ছক্কা হাঁকাতে চান পর্যটন প্রতিমন্ত্রী
‘ক্রিকেট খেলায় দেখা যায় অনেক সময় মেইডেন ওভার যায়। আবার এমনও পরিস্থিতি দাঁড়ায়, ৬ বলে ৩৬ রান করা যায়। সুতরাং আমাদের সামনে সেই সুযোগটা রয়েছে ৬ বলে ৩৬ রান করার। আমাদের সমস্ত উপকরণ আছে, আমাদের ইচ্ছা আছে।’
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে পর্যটন করপোরেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ইতিহাসের ওপর আঘাত এসেছে, ঐতিহ্য ম্লান করা হয়েছে এবং মূল্যবোধগুলোকে পদাঘাত করা হয়েছে। আজকে সময় এসেছে এগুলো রিকভারি করার। আমাদের মূল্যবোধ ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ, চেতনা এগুলো ধারণ করা এবং আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে চলেছি। পৃথিবীতে আমরা গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় হয়েছি। এটা অনেক শক্তিশালী প্রতিযোগিতা। মাত্র কয়েকদিন আমরা তৃতীয় অবস্থানে ছিলাম, আবার এক মাসের ব্যবধানে আমরা দ্বিতীয়তে এসেছি। পৃথিবীর মধ্যে ছোট্ট একটি মানচিত্র, কিন্তু আমাদের দ্বারা এই বিষয়গুলো সম্ভব হয়েছে।
বিশ্বের অনেক দেশ পর্যটনকে কেন্দ্র করে অনেক দূর এগিয়েছে জানিয়ে মাহবুব আলী বলেন, আমাদের প্রতিটি জেলা-উপজেলায় অনেক ইতিহাস-ঐতিহ্য আছে। সেগুলো আমাদের তুলে ধরতে হবে। যদিও আমাদের ইতিহাস-ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্ববাসীর সবার জানা।
তিনি বলেন, আমরা আগামী বছর চেষ্টা করবো সবাইকে নিয়ে শোভাযাত্রা করতে। এ জন্য এক-দুই মাস আগ থেকে প্রস্তুতি নেবো। আরও বড় আকারে বড় ধরনের বর্ণাঢ্য শোভাযাত্রা কররো। বিশ্ববাসী আমাদের ইতিহাস ও ঐতিহ্য আরও ভালোভাবে জানতে পারবে।
পর্যটন দিবসের এই আয়োজন প্রতিটি শহরে ছড়িয়ে দিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমার মধ্যে প্রতিভা আছে, সেটাতো সবাইকে জানাতে হবে। নিজের মধ্যে রাখলে তো হবে না। দেশে যে সম্পদ আছে, প্রতিভা আছে এখন সবাইকে তা জানাতে হবে।
বাংলাদেশ পর্যটনকে একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা যথাসম্ভব আমাদের টার্গেটে পৌঁছাবো। এজন্য একটা মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছি। এটাই হোক আমাদের আজকের পর্যটন দিবসের প্রতিশ্রুতি।
পর্যটন নিয়ে নতুন করে ভাবতে হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, কোভিড পূর্ববর্তী যে অবস্থা ছিল আমরা সেখানে যেতে চাই না। তারচেয়ে অনেক এগিয়ে যেতে চাই। পর্যটনের উন্নয়নে মিডিয়া সরকার ও বেসরকারি খাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন
গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে সচিব বলেন, আমি অনুরোধ করব দেশের স্বার্থে আমরা যেন পজিটিভ খবর প্রকাশ করি। পরিকল্পনা অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করে পর্যটন নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। ডিসেম্বরে সেই মাস্টারপ্ল্যান বাস্তবায়নে যাব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পর্যটন করপোরেশন।
-B










