ঈদ ঘিরে পর্যটনে হাজার কোটি টাকার ব্যবসা

ঈদ ঘিরে পর্যটন খাতে হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। ট্যুরিজম সংশ্লিষ্টরা জানান, ঈদ ঘিরে দেশের সব পর্যটন কেন্দ্রে কোটি মানুষের সমাগম হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সমাগম হয়েছে কক্সবাজার ও সিলেটে। ফলে সবচেয়ে বেশি ব্যবসাও হয়েছে এ দুই জায়গায়।
ট্যুরিজম সংশ্লিষ্টরা জানান, করোনার কারণে বন্ধ থাকায় গত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশী পর্যটকের সমাগম হয়েছে। এবার পর্যটন খাতে আশার আলো দেখছেন জানিয়ে তারা বলেন, এবার সারা দেশে কমপক্ষে এক কোটি পর্যটকের সমাগম হয়েছে। যাতে ব্যবসা হয়েছে প্রায় এক হাজার কোটি টাকার। এর মধ্যে প্রথম স্থানে কক্সবাজার তারপর রয়েছে সিলেট। এরপরই রয়েছে বান্দরবান, রাঙ্গামাটি, সুন্দরবন ও কুয়াকাটা।
কক্সবাজার হোটেল ও রেস্তোরাঁ ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ঈদের দুইদিন আগে থেকে এ পর্যন্ত কক্সবাজারে প্রায় সাত লাখ পর্যটকের সমাগম হয়েছে। এতে সব মিলিয়ে ৬০০ কোটি টাকাও বেশি ব্যবসা হয়েছে। আগামী কয়েক দিনেও ভালো ব্যবসা হবে বলে তারা আশাবাদী।
অন্যদিকে বাংলাদেশ পর্যটন করপোরেশন ব্যবস্থাপক (জনসংযোগ ও বিপণন) মো: জিয়াউল হক হাওলাদার বলেন, এবার প্রচুর মানুষ বেরি য়েছেন। ফলে ব্যবসা হয়েছে ভালো। তিনি বলেন, তাদের ধারণা, এবার হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে তা নিশ্চিত করে বলা যাবে কয়েক দিন পর। তিনি জানান, দেশের বাইরেও এবার কয়েক লাখ পর্যটক গেছেন। এর মধ্যে বেশি গেছেন ভারতে। এ ছাড়া নেপাল, ভুটান, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশেও গেছেন অনেকে।
তবে এবার তুলনামূলক সুন্দরবনে পর্যটক কম গেছে। এ বিষয়ে বন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, আবহাওয়া খারাপ থাকায় এবার সুন্দরবনে পর্যটক কম গেছে। ফলে সে অঞ্চলে এবার ঈদ ঘিরে ব্যবসাও কম হয়েছে।
এদিকে কুয়াকাটায় স্থানীয় ব্যবসায়ী জানান, এবার তাদের ওখানে স্মরণকালের পর্যটক সমাগম ছিল। তারা বলেন, গত দুই বছর ব্যবসায় যে লোকসান হয়েছিল এবার তা পুষিয়ে নিতে পারবেন বলে তাদের ধারণা।
ঈদ ঘিরে সিলেটেও প্রচুর পর্যটক সমাগম ঘটেছে। স্থানীয় হোটেল ও গেস্ট হাউস ব্যবসায়ী সমিতির নেতারা জানিয়েছেন, তাদের ব্যবসা যথেষ্ট ভাল হয়েছে তবে মোট কত টাকার ব্যবসা হয়েছে তা আগামী সপ্তাহে নিশ্চিত করে বলা যাবে। তবে তাদের প্রত্যাশা ঈদ ঘিরে অন্তত শত কোটি টাকার ব্যবসা হবে।
এদিকে পর্যটক ভিড়ে জমেছে বান্দরবানেও। স্থানীয়রা জানিয়েছেন, মানুষের ভিড়ে এখানে হোটেলে থাকার সঙ্কট তৈরি হয়েছে। আর একাধিক পর্যটক অভিযোগ করেছেন, সুযোগ বুঝে হোটেল ভাড়া বাড়িয়েছেন মালিকরা।
পিছিয়ে নেই পার্বত্য জেলা রাঙ্গামাটিও। ঈদের ছুটিতে সেখানে প্রকৃতির সান্নিধ্যে এসেছেন পর্যটকরা। রাঙ্গামাটি শহরের সব পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন তারা। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্কসহ সব পর্যটন স্পট পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে।
-B










