ভ্রমণ ভিসায় আমিরাতগামীদের হয়রানি নয়: সংসদীয় কমিটি

ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতগামীদের ঢাকা বিমানবন্দরে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সংসদীয় কমিটির বৈঠকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদীয় কমিটির পক্ষ থেকে আরব আমিরাতগামীদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, তা দ্রুত নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল)জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ ও মো. সাদেক খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, 'ভিজিট ভিসায় আরব আমিরাতে যারা যাচ্ছেন, তাদের নানা হয়রানির কথা গণমাধ্যমে আসছে। আমরা মন্ত্রণালয়কে বলেছি, এই হয়রানি যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে। যাদের ভিজিট ভিসা আছে, তাদের যদি ভিসা বৈধ হয়, সরকারের পক্ষ থেকে যদি তাদের বিষয়ে কোনো আপত্তি না থাকে, তবে তাদের আটকাবে কেন? বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও কাউকে আটকানো বন্ধ করতে হবে। '
ই-পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করার সুপারিশ
বৈঠকে প্রবাসী কর্মীদের ই-পাসপোর্ট প্রাপ্তি সহজ করার বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে ই-পাসপোর্টের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, বিদ্যমান পাসপোর্টে অনেক সময় নাম ও ঠিকানা ভুল থাকে। ই-পাসপোর্ট নেওয়ার সময় সেটা ঠিক করতে অনেক ভোগান্তি হয়। এখানে-ওখানে যেতে হয়। জাতীয় পরিচয়পত্রতে (এনআইডি) যদি ত্রুটি থাকে, সেটা ঠিক করতে অনেক ঝামেলা পোহাতে হয়।
তিনি আরো বলেন, 'আমাদের প্রবাসী কর্মীরা অনেকে যে খুব শিক্ষিত এমন নয়। তাদের কিছু ভুল হয়ে যায়। ই-পাসপোর্ট করার সময় তারা ঝামেলায় পড়েন। পাসপোর্ট দিতে সময় নিচ্ছে। আমরা এই প্রক্রিয়াটা সহজ করতে বলেছি। '
প্রবাসী কর্মীদের জন্য ইনস্যুরেন্স
বৈঠকে প্রবাসী কর্মীদের জন্য ইনস্যুরেন্স ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 'লাইফ ইনস্যুরেন্স করা থাকলে কর্মীরা মারা যাওয়ার পর টাকা পাবেন। দুর্ঘটনায় পড়ে অঙ্গহানি হলে সুবিধা পাবেন। এমন বিষয় রাখার জন্য আমরা মন্ত্রণালয়কে পরীক্ষা করতে বলেছি। তারা দেখবে। আমাদের জানাবে। প্রবাসী কর্মীদের জীবন সুরক্ষিত করতে এই সুপারিশ করা হয়েছে। ' এ ছাড়া প্রবাসী কর্মীদের বিদেশযাত্রার খরচ কমাতে বিমান ভাড়া কমানোর লক্ষ্যে বাংলাদেশ বিমানের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
-B










