মাঝ আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমানবাহিনীর দু’টি উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২ জুলাই) ভিলাভিসেনসিওর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পরপরই উড়োজাহাজগুলোতে আগুন লেগে যায়। এরপর মুহূর্তেই এগুলো মাটিতে আছড়ে পড়ে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানান, রবিবার আপিয়ে ঘাঁটির কাছে তাদের দু’টি টি-২৭ টুকানো প্রশিক্ষণ উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পাইলট, লেফটেনেন্ট কর্ণেল নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দলকে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসাথে কয়েকটি উড়োজাহাজ উড়ে আসছে। যেগুলো একটি আরেকটির বেশ কাছাকাছি ছিল। এরমধ্যে হঠাৎ করে একটি উড়োজাহাজের পাখায় বিস্ফোরণ হতে দেখা যায়। এর দুই সেকেন্ডের মধ্যে দু’টি উড়োজাহাজ মাটিতে আছড়ে পড়ে।
ধারণা করা হচ্ছে, সংঘর্ষের কারণে পাখায় এ বিস্ফোরণ হয়।
-B










