জরুরি অবতরণের সময় ভেঙে দুই টুকরো উড়োজাহাজ

জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ডিএইচএলের পণ্যবাহী উড়োজাহাজ। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে সেটি দু’টুকরো হয়ে যায়।
ভয়াবহ এ বিমান দুর্ঘটনা ঘটেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির পরিবহণ সংস্থা ডিএইচএলের। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে ভারসাম্য হারায় বিমানটি। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে বিমানটি মাঝখান থেকে ভেঙে দু’টুকরো হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জার্মান কোম্পানি ডিএইচএলের এই হলুদ বিমানটির দুর্ঘটনার সময় তা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বিমানবন্দর কর্তপক্ষ জানায়, ডিএইচএলএর কার্গো বিমানে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় এটি জুয়ান সান্তা মারিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে, এই সময় পিছনের চাকা পিছলে গিয়ে বিমানটি দু’টুকরো হয়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো এটি কার্গো বিমান হওয়ায় কোনো যাত্রী ছিল না। তবে প্লেনে মাত্র দুইজন ক্রু ছিলেন, যাদের অবস্থা ভালো বলে জানা গেছে। এই ঘটনায় পাইলটও কোনো ধরনের আঘাত পাননি।
উল্লেখ্য যে, বোয়িং-৭৫৭ বিমানটি সান্তা মারিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল, যদিও এটি উড্ডয়নের ২৫ মিনিট পরেই আবার ফিরে আসে, কারণ এতে কিছু ভুল ছিল যার কারণে জরুরি অবতরণ করতে হয়েছে। ঘটনার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়।
-B










