দুই বিমানের ধাক্কা: প্রধান প্রকৌশলীসহ ৩ জন সাময়িক বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় প্রধান প্রকৌশলী সহ বিমানের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সাময়িকভাবে বরখাস্তকৃতরা হচ্ছেন প্রধান প্রকৌশলী মোঃ হারুন-উর-রশিদ চৌধুরী, প্রকৌশল কর্মকর্তা শাহ হক নেওয়াজ ও জুনিয়র টেকনিক্যাল অফিসার নুরুল আলম।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ ৫ জুলাই (মঙ্গলবার) একটি অফিস আদেশ জারি করে এ তথ্য জানান।
আদেশে আরো বলা হয়, বরখাস্তদের বিরুদ্ধে সাময়িকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিপূর্ণ তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আদেশে বলা হয়, " বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের আলোকে দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
রোববার (৩ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বোয়িং উড়োজাহাজ সংঘর্ষে দুটি বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং অন্যটি বোয়িং ৭৩৭।
উল্লেখ্য ,রোববার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছায় বোয়িং ৭৮৭। রাত ৯টার দিকে বিমানটিকে রুটিন রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেই সময় একটি বোয়িং ৭৩৭ বিমানও হ্যাঙ্গারে ছিল।
ড্রিমলাইনার, হ্যাঙ্গারে ঢোকার চেষ্টা করার সময়, বোয়িং ৭৩৭ এর ডানার সাথে সংঘর্ষ হয় যার ফলে যথাক্রমে বোয়িং ৭৩৭ এবং ৭৮৭ এর বাম এবং ডান পাখা ক্ষতিগ্রস্ত হয়।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের সতর্কতা ও উন্নত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব ঘটনা এড়ানো যেত।
-B










