ব্রিটেন প্রবাসীদের এনআইডির জন্য নিবন্ধনের আহ্বান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে ব্রিটেন প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
ইতোমধ্যে প্রায় সাড়ে ৬শ প্রবাসী তাদের নাম রেজিস্ট্রি করেছেন। যারা নাম রেজিস্ট্রি করবেন তারাই আগে কার্ড পাবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যুক্তরাজ্যে আসবেন এবং লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে অস্থায়ী অফিস স্থাপন করে কার্ডগুলো দেবেন।
সাইদা মোনা তাসনিম বাংলাদেশ হাইকমিশনের কনফারেন্স রুমে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
হাইকমিশনার বলেন, ব্রিকলেনের ওয়েলফেয়ার সেন্টারটিতে একসময় কনস্যুলার সেবা দেওয়া হতো। কিন্তু অজানা কারণে প্রায় ১০ বছর এ সার্ভিস বন্ধ ছিল। গত বছরের শেষ দিক থেকে আমরা আবারও সার্ভিস শুরু করেছি। গত নভেম্বর ও জানুয়ারিতে দুটি কনস্যুলার ডে অনুষ্ঠিত হয়েছে। আগামী জুলাই মাসে আরো একটি সার্জারি অনুষ্ঠিত হবে। এই সার্ভিস আমরা অব্যাহত রাখব।
তিনি বলেন, কনস্যুলার সার্ভিস শুরু করার পর ব্যাপক সাড়া মিলেছে। আমরা চাই কমিউনিটির মানুষের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে দিতে।
তিনি বলেন, আমরা হাইকমিশন ভবন লাগোয়া একটি নতুন প্রোপার্টি প্রায় তিন মিলিয়ন পাউন্ড দিয়ে কিনে নিতে সক্ষম হয়েছি। সেখান থেকে এখন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। তাছাড়া যারা পাসপোর্ট কিংবা নো-ভিসার প্রয়োজনে আসেন তাদের জন্য নতুন প্রোপার্টিতে আমরা ওয়েন্টি রুম রেখেছি। কাউকে এখন আর বাইরে লাইনে দাঁড়িয়ে মেঘ-বৃষ্টি খেতে হচ্ছে না। আমরা সাধ্যমতো প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।
-B










