ফ্লাইট ধরতে না পেরে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার তরুণী
উড়োজাহাজে চেপে কলকাতা যাওয়ার কথা ছিল তরুণীর। কিন্তু শেষ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় কর্তব্যরত সিআইএসএফ কর্মকর্তা তাকে বাধা দেন। মেজাজ হারান তরুণী। হুমকি দেন বিমানবন্দর উড়িয়ে দেওয়ার। শেষ রক্ষা হয়নি। বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হতে হলো তাকে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তরুণীর নাম মানসী সাথিবাইনু। তিনি কেরালা রাজ্যের কোঝিকোড়ের বাসিন্দা।
জানা গেছে, ফ্লাইট ধরতে পারবেন না বুঝতে পেরে মানসী দ্রুত বিমানবন্দরে ঢোকার চেষ্টা করেন। এ সময় ৬ নম্বর গেটে কর্তব্যরত ছিলেন সিআইএসএফ কর্মকর্তা সন্দীপ সিং। তিনি মানসীকে বাধা দেন। একটু পর বিমানবন্দরের লাউঞ্জের ভেতরে ঢুকে চিৎকার করে মানসী বলতে থাকেন, বিমানবন্দরে বোমা রাখা আছে, সবাই যেন পালিয়ে যায়। স্বভাবতই এ কথায় আতঙ্ক ছড়ায়, হুলুস্থুল পড়ে যায় বিমানবন্দরে।
মানসীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দীপের কলার ধরে তার মুখে ঘুষি মারেন এবং নিয়ম না মেনে বিমানবন্দরের ভেতরে ঢুকেন। এরপর যাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়ান। এ ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করেন সন্দীপ। মানসীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৩২৩ এবং ৩৫৩ ধারায় মামলা করা হয়েছে।
-B










