বিমানবন্দরে কর্মরতদের অভিন্ন ইউনিফর্ম হচ্ছে

বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর সদস্যদের জন্য অভিন্ন ইউনিফর্ম তৈরি করা হচ্ছে। ইউনিফর্মের ডিজাইন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
রবিবার (২৫ জুন)দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গণশুনানিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে মফিদুর রহমান বলেন, বিভিন্ন সংস্থা থেকে এসে ব্যক্তিরা বিমানবন্দরে সার্ভিস দিচ্ছেন। এখানে নিরাপত্তার জন্য পুলিশ, আনসার বাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ভিন্ন ভিন্ন বাহিনীর হলেও তাদের কাজ এভিয়েশন সিকিউরিটি নিশ্চিত করা। যেহেতু তাদের সার্ভিসটা একই তাই আমরা তাদের একটা ইউনিফর্ম প্রবর্তন করব।
এয়ারলাইন্সগুলোর লাগেজ হারানো, দেরিতে পাওয়া ও লাগেজ রেখে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় এয়ারলাইন্সগুলো ন্যারো বডির এয়ারক্রাফটে (ছোট এয়ারক্রাফট) যাত্রীভর্তি করে নিয়ে দেশে আসে। তখন সব লাগেজ আনতে পারে না। আমরা ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোকে এ বিষয়ে সতর্ক করেছি। এছাড়া যারা ন্যারো বডির এয়ারক্রাফট নিয়ে দেশে আসে তাদের আমরা কিছু সিট ফাঁকা রেখে আসতে বলেছি। যাত্রীদের সঙ্গে কর্মকর্তাদের আচার-ব্যবহারের বিষয়ে বেবিচক চেয়ারম্যান মফিদুর বলেন, বিমানবন্দরে আমার বড় উদ্বেগ ছিল যেন যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করতে আমরা বিমানবন্দরের স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বিমানবন্দর কর্তৃপক্ষ প্রশিক্ষণের বাইরেও তাদের সঙ্গে বসছে, আলোচনা করছে।
-B










