তিন গুণ মুনাফা তুলেছে ইউনাইটেড এয়ারলাইনস

ইউনাইটেড এয়ারলাইনস চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন গুণেরও বেশি মুনাফা করেছে। বিশ্বব্যাপী ভ্রমণ চাহিদা বাড়ায় একাদশে বৃহস্পতি গুনেছে কোম্পানিটি।
যুক্তরাষ্ট্রের বড় ক্যারিয়ারটি প্রত্যাশার চেয়ে ভালো ফল পাওয়ার পর পুরো বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে। তবে মোট আসন ক্ষমতায় প্রত্যাশার চেয়ে এখনো পিছিয়ে কোম্পানিটি। বছরের তুলনায় বিক্রির পরিমাণ ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২০ কোটি হয়েছে এবং আগের বছরের ৩২ কোটি ৯০ লাখ ডলার মুনাফা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি ডলারে। আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতাও আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে।
কোনো অসুবিধাই কোম্পানির আর্থিক আয়কে বিপাকে ফেলেনি। বিশেষ করে দ্বিতীয় প্রান্তিকের শেষ সপ্তাহে বৈরী আবহাওয়ায় নিউ জার্সির নিউয়ার্ক ও নিউইয়র্কের দুটি এলাকার হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে যায়। অন্যদিকে ইউনাইটেডের সক্ষমতা ১৮ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রত্যাশা থাকলেও দ্বিতীয় প্রান্তিকে ১৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথা জানিয়েছে।
এ মাসের শুরুতে নিউয়ার্কের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরে ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কিরবি এক মেমোতে কর্মচারীদের বলেছেন, নিউয়ার্কের খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখে সেখানে ক্যারিয়ার তার সক্ষমতাকে আরো কমিয়ে আনবে। স্কট কিরবি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে কর্মী ছাঁটাইয়ের জন্য নিউয়ার্কের সমস্যাগুলো এবং এতে ইউনাইটেডের আয় কমে যাওয়ার কথা বলেছেন। বুধবার (১৯ জুলাই )লেনদেন শুরু হওয়ার পর ইউনাইটেডের শেয়ারদর ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৬ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে।
-B










