শতাধিক বোয়িং ৭৮৭ কিনবে ইউনাইটেড এয়ারলাইনস

বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনারের বড় একটি ক্রয়াদেশ দিতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস।
আগামী সপ্তাহে শতাধিক ৭৮৭ ড্রিমলাইনার কেনার ঘোষণা দিতে পারে মার্কিন উড়োজাহাজ সংস্থাটি।
শিকাগোভিত্তিক ইউনাইটেড এয়ারলাইনস সম্প্রতি এক ঘোষণায় জানায়, ১৩ ডিসেম্বর বোয়িংয়ের সাউথ ক্যারোলাইনার কারখানায় একটি ঐতিহাসিক ঘোষণায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে। এদিন কারখানাটিতে এয়ারলাইনসের প্রধান নির্বাহী স্কোট কিরবি ও বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের সিইও স্ট্যান ডিয়্যাল উপস্থিত থাকবেন। সাউথ ক্যারোলাইনার কারখানাটিতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উৎপাদন করা হয়। অবশ্য ইউনাইটেড বা বোয়িং কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান নির্বাহী চলতি বছরের আগস্টে ডেনভারে একটি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারী পাইলটদের বলেছিলেন, সংস্থাটি বোয়িং থেকে শতাধিক বৃহৎ আকৃতির উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা করছে। এরপর অক্টোবরে ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউনাইটেড শতাধিক বড় আকৃতির জেটের অর্ডার করতে যাচ্ছে। ওই সময়ে প্রতিষ্ঠানটি বোয়িং কিংবা এয়ারবাসের এ৩৫০ মডেলের উড়োজাহাজ যাচাই-বাছাই করছে। তবে ইউনাইটেড এয়ারলাইনস কতগুলো ৭৮৭ মডেল অর্ডার করতে পারে তা স্পষ্ট নয়।
গত অক্টোবরে বোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ৭৮৭ মডেলের উৎপাদন ধীরগতিতে করছে। পরবর্তী সময়ে প্রতি মাসে পাঁচটি করে উড়োজাহাজ নির্মাণ করা হবে। বোয়িং বলছে, বর্তমানে অত্যধিক চাহিদা থাকায় আমরা উচ্চ উৎপাদনের প্রত্যাশা করছি।
ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে প্রতিষ্ঠানটির ড্রিমলাইনার ছিল ৬৪টি এবং ২০২২ সালের শেষ নাগাদ তাদের বহরে ড্রিমলাইনার থাকবে মোট ৬৮টি।
-B










